ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যাপক বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় বিএনপি’র চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের নতুন পথে প্রবেশ করেছে। অতীতের গণতান্ত্রিক সংকট কাটিয়ে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং আইনের শাসন শক্তিশালী করতে এসব উদ্যোগ নেওয়া হবে। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন মন্ত্রিসভা কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে যেন দেশ আরও উন্নতি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। তারা আরও বিশ্বাস করেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং শিল্পখাতের পুনরুজ্জীবনের মাধ্যমে একটাদৃঢ় ও টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা হবে। দক্ষিণাঞ্চলের উন্নয়নের বিষয়ে বিবৃতিতে বলা হয়, খুলনা অঞ্চলের সার্বিক অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলে টেকসই ভেঙিবাঁধ নির্মাণের মাধ্যমে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বহুদিন বন্ধ থাকা মিল-কারখানা আবার চালু করা, খুলনায় গ্যাস সংযোগ সম্প্রসারণ এবং নতুন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানো হবে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অসংখ্য সফলতা কামনা করেন। পাশাপাশি তারা দেশপ্রেমিক এই সরকারের অংশ হিসেবে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী ও অন্যান্য নেতৃবৃন্দ। একই ধরনের বিবৃতি দিয়েছেন খুলনা সদর থানা বিএনপি’র নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন।





