চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দেশের বেশিরভাগ অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি। একইসঙ্গে বরিশাল বিভাগের প্রায় সব জেলা ও চট্টগ্রামের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে।
অপর দিকে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের ও রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন কিছুটা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।
আজ ২০ ফেব্রুয়ারির পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য এই বৃষ্টিপাতের পর তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসতে পারে এবং শুষ্ক আবহাওয়ার পরে স্বস্তি ফিরে আসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।





