বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান তার প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছেন, কথা নয়, কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করবেন। তিনি দেশের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের অফিসে প্রবেশ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও অন্যান্য কর্মকর্তা।
সাংবাদিকদের তিনি জানান, আমি কাজের মাধ্যমে নিজের সক্ষমতা প্রকাশ করতে চাই। কাজ শুরু করা একমাত্র পথ, কথা তার পরই বলবো। নতুন গভর্নর হিসেবে যোগদান করার আগে তিনি অর্থ মন্ত্রালয়ে এসেছিলেন, সেখানে কিছু কার্যক্রম শেষ করে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন।
এর আগে বুধবার বিকেলে তাকে চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হন। রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য ছিলেন। এছাড়াও, মোস্তাকুর রহমান পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর একজন সদস্য এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা সোয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা।





