শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যায় একজন গ্রেফতার

দৌলতপুরে যুবদল নেতা রাশিকুল আনাম ‘রাসু’ হত্যা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে ইসমাঈল হোসেনকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিলাম। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় গোপন সূত্রও ব্যবহার করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সেনহাটি ইউনিয়ন থেকে ইসমাঈলকে আটক করা হয় এবং কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না।

আটকের পরে হত্যাকাণ্ডের সময় উপস্থিত থাকার সন্দেহ থাকা কয়েক ব্যক্তিকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং তারা অভিযুক্তকে শনাক্ত করেছে। জিজ্ঞাসাবাদ শেষে ইসমাঈলকে দৌলতপুর থানা হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।