বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিগ ব্যাশ বর্ষসেরা খেলোয়াড় মনোনয়ন পেলেন রিশাদ হোসেন

ক্রিকেট তাসমানিয়া ২০২৫–২৬ মৌসুমের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিতে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান আয়োজন করবে। এই অনুষ্ঠান আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সম্মাননা জানানো হবে এবং মৌসুমভিত্তিক একাধিক পুরস্কার দেওয়া হবে।

সারা মৌসুম জুড়ে নজর কাড়া পারফরম্যান্সের স্বীকৃতির তালিকায় অন্যতম আকর্ষণ ‘বিগ ব্যাশ’ প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে নিজের প্রথম মৌসুমেই দারুণ ছাপ রেখে তিনি এই মনোনয়ন নিশ্চিত করেছেন।

হারিকেন্স দলের হয়ে রিশাদ পুরো মৌসুমে ১৫টি উইকেট নিয়েছেন, যা ছিল দলের মধ্যে সর্বোচ্চ। প্রথম বারের মতো এই টুর্নামেন্টে খেললেও বিভিন্ন ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। শুরুতেই তাকে বোলিংয়ে নিয়ে আসা হয়ে থাকে, তাতে করে প্রতিপক্ষকে আগ থেকেই চাপে রাখতে ও মধ্য ওভারগুলোতে খেলায় নিয়ন্ত্রণ দেখাতে সক্ষম হন তিনি।

তার সেরা বোলিং ফলাফল ছিল স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৩ ও ২৬ রান, যা লক্ষ্য করার মতো একটি কার্যকর ইনিংস ছিল। ধারাবাহিক উইকেট ও মধ্যকার ওভারগুলোতে চাপে রাখার সামর্থ্যের কারণে তরুণ এই স্পিনার দলীয় পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পেরেছেন।

রিশাদের সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস ও ক্রিস জর্ডান। নিখিলকে নেওয়া হয়েছে ব্যাট ও বল—দুই দিকেই কার্যকরী ভুমিকার জন্য, এলিসকে ধারাবাহিক বোলিংয়ের জন্য এবং জর্ডানকে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতার জন্য বিবেচনা করা হয়েছে।

অনুষ্ঠানের সময় বিজয়ীদের নাম সামাজিক মাধ্যমে জানানো হবে। নিজের অভিষেক মৌসুমেই এমন মনোনয়ন পাওয়া রিশাদ হোসেনের জন্য এক যোগ্য সম্মান এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার এক বড় বার্তা।