বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেলো

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন দেশের মোট রিজার্ভ মোট ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। এই তথ্য সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে, দেশের রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৩৫৯ দশমিক ০৭ মিলিয়ন ডলার, বা প্রায় ২৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

এর আগে, ২৯ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার, এবং একই সময়ের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে প্রকৃত আর্থিক পরিস্থিতি বোঝা যায়। এর মাধ্যমে দেশের প্রকৃত অর্থনীতির স্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়।