খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আজ বুধবার (০১ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টায় আকস্মিকভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের একটি ক্লাস পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কিত বিভিন্ন দিক খোঁজখবর নেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন নিজেকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে নিজের লক্ষ্য নির্ধারণ করে তার দিকে নিয়মিতভাবে কাজ করা প্রয়োজন। শুধু বইয়ের পড়াই নয়, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নেতৃত্বগুণ গড়া, দলগত দক্ষতা উন্নয়ন এবং মানসিক চাপ ও হতাশা কাটিয়ে ওঠাও সমান জরুরি।
প্রফেসর রেজাউল করিম বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে বিশ্ব পরিবর্তন করে নিচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন ছাড়া বিকল্প নেই। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে এআইসহ আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ডিসিপ্লিনে পর্যায়ক্রমে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
পরিদর্শনকালে কয়েকজন শিক্ষার্থী তাদের অনুশোচনার কিছু সমস্যা তুলে ধরলে উপাচার্য তা গুরুত্বসহকারে শুনে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষকমণ্ডলীর সহযোগিতায় এসব সমস্যা শিগগির সমাধান করার চেষ্টা করা হবে।
উপাচার্যের এই আকস্মিক ক্লাস পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথাবার্তা বিশ্ববিদ্যালয়জীবনকে আরও অর্থবহ ও গঠনত্মক করার গুরুত্বকে পুনরায় ব্যাখ্যা করে।





