সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুপুরে জামিন, সন্ধ্যায় কাশিমপুর থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পেয়ে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, কারাগারে জামিননামা পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রিলিজ করা হয়েছে। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে গেছেন।

শিরীন শারমিনকে গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির তার এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। একই দিনে তাকে জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে দুইটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছেন, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় কারামুক্তিতে আর কোনো বিধিনিষেধ ছিল না। বর্তমানে মামলার আইনগত প্রক্রিয়া চলছে।