সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার ব্যবসায়িক কার্যক্রমে আমি সম্পৃক্ত নই: পূজা চেরি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি তার বাবার আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ ও গ্রেপ্তার নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রবিবার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তিনি সম্পূর্ণভাবে অনভিজ্ঞ।

পোস্টে পূজা বলেছেন, সম্প্রতি তার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে নিয়ে সংবাদমাধ্যম ও শুভানুধ্যায়ীদের থেকে তিনি অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন মনে করে তিনি এই বক্তব্য দিয়েছেন।

পূজা আরও বলেন, ব্যক্তিগতভাবে বাবা প্রসাদ রায়ের সঙ্গে তার কোনো আর্থিক বা ব্যবসায়িক সম্পর্ক নেই। তিনি গত ১০-১২ বছর ধরে মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং কঠোর পরিশ্রম করে নিজের ক্যারিয়ার ও দৈনন্দিন জীবনের ব্যয় নিজেই বহন করে আসছেন।

এই অভিনেত্রী দাবি করেন, তিনি কোনো প্রডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক নন এবং বাবার ব্যবসায় বা আর্থিক লেনদেনে অংশীদারিত্বও নেই। পরিবারের সদস্য হওয়ার কারণে তৈরি এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলেও উল্লেখ করেন তিনি।

পূজা নিজের পোস্টে বলেছেন, বিষয়টি একটি আইনি বিষয় এবং মামলা ও তদন্তের প্রক্রিয়া হচ্ছে; বিষয়টি শেষ পর্যায়ে বিজ্ঞ আদালত বিচার করে সিদ্ধান্ত নেবে। পোস্টের শেষে তিনি অনুরোধ করেছেন যেন এই সংবেদনশীল ঘটনায় তাকে জড়ানো না হয়।