রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে কোরবানির ঈদ ২৭ মে হওয়ার সম্ভাবনা

পাকিস্তানের বিশেষজ্ঞ ও চাঁদ দেখা সংক্রান্ত রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, এবারের ঈদুল আজহা বা কোরবানির ঈদ সম্ভাব্যভাবে ২৭ মে পালিত হতে পারে। এই তথ্যটি শনিবার (২ মে) সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ প্রকাশ করে।

কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চাঁদ জন্ম হবে আগামী ১৬ ও ১৭ মে মধ্যরাতে সকাল ১টা ১৫ মিনিটে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে, ফলে আবহাওয়া পরিস্কার থাকলে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। তেমন হলে ১৮ মে হবে জিলহজের প্রথম দিন এবং ১০ই জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে এই বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ পালিত হওয়ার সম্ভাবনাই বেশি। ১৭ মে করাচি, পেশোয়ারসহ কয়েকটি শহরে সূর্যাস্তের পর চাঁদ দিগন্তে প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখা সম্ভব হবে বলেই তারা মনে করছেন।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস পূর্ণ ৩০ দিন ধরে চলবে। সে ক্ষেত্রে জিলহজের শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা এক দিন পিছিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) পালিত হবে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। স্থানীয় চাঁদ দেখা ও আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।