আন্তর্জাতিক ফুটবলে অপ্রত্যাশিত ফল নতুন কিছু নয় — কিন্তু এবার সেই অঘটনটি আগেভাগে ইঙ্গিত দিল একটি অ্যালগরিদম।
জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্ট তৈরি করেছেন একটি গাণিতিক মডেল, যা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য এক বিস্ময়কর পূর্বাভাস দিয়েছে: চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। মজার কথা হলো, ক্লাসিক ফেভারিটদের মধ্যে থাকা আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন বা ফ্রান্সকে এই মডেল চ্যাম্পিয়ন হিসেবে দেখায়নি।
ক্লেমেন্টের মডেল ইতিপূর্বে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের বিজয়ী শীর্ষে সঠিকভাবে অনুমান করেছিল। সেই সূত্রেই নতুন পূর্বাভাস ফুটবল বিশ্বে ইতোমধ্যেই আলোচনার ঝড় তুলেছে।
এই মডেল কেবল মাঠের ফলাফল নয়; অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয়-স্তর এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধাসহ নানা বৈশ্বিক তথ্য বিশ্লেষণ করে। ক্লেমেন্টের দাবি— এসব সূচক মিলিয়ে মডেল প্রায় ৫৫ শতাংশ নির্ভুলতা ধরে পূর্বাভাস দিতে পারে।
মডেলের দিক থেকে নেদারল্যান্ডসের ২০২৬-এর পথ সহজ হবে না। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে আছেন জাপান, সুইডেন ও তিউনিসিয়া। কিন্তু সবচেয়ে চমকপ্রদ অংশটি নকআউট পর্বের পূর্বাভাসে। সেখানে মডেল বলছে, রাউন্ড অব ৩২-তেই জাপান ব্রাজিলকে বিদায় করে দেবে।
ফাইনালে নেদারল্যান্ডসকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়েছে পর্তুগালকে, এবং নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই ফাইনালে জিতেই প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঠবে ডাচদের হাতে—এমনটাই বলছে অ্যালগরিদম।
ইতিহাস স্মরণ করালে নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালে ওঠে হলেও ট্রফি জিততে পারেনি। এবার ক্লেমেন্টের গাণিতিক হিসাব সেই পুরনো আক্ষেপ মুছার সম্ভাবনার কথা বলছে।





