শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত ঘোষণা

সব প্রস্তুতি শেষ ছিল, টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল—তবু হঠাৎ করে স্থগিত হল কনসার্ট। আগামীকাল ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক ইয়ামাহা মিউজিক। কনসার্টে গান করার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের।

ইয়ামাহা মিউজিক এই সিদ্ধান্তের কারণ বিস্তারিত জানায়নি; তারা বলেছে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি তা সম্ভব না হয়, তখন টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলেও তারা জানিয়েছে।

অন্যদিকে অনুপম রায়ও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে আজ সকালে তাকে কনসার্ট স্থগিতের খবর জানানো হয়েছে। এই অনুষ্ঠানে অনুপম রায়ের পাশাপাশি বাংলাদেশি ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’ও পারফর্ম করার কথা ছিল।

গত দেড় বছর ধরে বিদেশি শিল্পীদের কনসার্ট স্থগিত হওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটায় আগে থেকেই অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন—এবার সেই শঙ্কাই বাস্তবে রূপ নিল বলে অনেকে হতাশা প্রকাশ করেছেন। আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা প্রতিক্ষায় সংশ্লিষ্ট দর্শক ও ভক্তরা।