ঢাকার আদালত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন। মামলার পরবর্তী শুনানিতে তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকামের একটি শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেন তিশা। পরে পরিশোধ ও যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগে বাদী তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন।
এই অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ওই শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষে বলা হয়েছে, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পেয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে আদালতে মামলা দায়ের করা হয়। এরপর ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিলে তার ভিত্তিতেই আদালত সমন জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাই এখন বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে।
তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আপাতত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, তানজিন তিশা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন; ছবিটি এখনও মুক্তি পায়নি এবং এই মামলার খবর তাকে আবার আলোচনায় এনেছে।





