কুমিল্লা জেলা প্রশাসন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত প্রতিটি পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে। রোববার (২২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক মু. রেজা হাসান সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্তের জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে। সদস্যদের মধ্যে আছেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে। চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন মামুন পরিবহনের এক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রেনটি বাসটিকে অন্তত আধা কিলোমিটার পর্যন্ত সরিয়ে নেয়। প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।
দুর্ঘটনার পর চট্টগ্রামকে কেন্দ্র করে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রেল কর্তৃপক্ষও দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।





