ভারতে কারাভোগ ও পাচারের শিকার হওয়ার পর ৩৩ জন বাংলাদেশি—যাদের মধ্যে চারজন শিশু, চারজন নারী এবং ২৫ জন পুরুষ—রোববার (২২ মার্চ) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন ও পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ টাস্কফোর্সের সমন্বিত উদ্যোগে এই ফিরতি ব্যবস্থা করা হয়েছে। তারা ছিলেন পাচারের শিকার বলে জানানো হয়েছে।
যশোরের বেনাপোলে কর্মরত জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, দালালের মাধ্যমে পাচারের শিকার এ ৩৩ জনকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা বলেন, ট্রাভেল পারমিটে দেশে ফেরত আসা এসব নারী-পুরুষ ও শিশুদের ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত ও পুনর্বাসনের ব্যবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





