মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ময়লার ট্রাকের ধাক্কায় ১৯ বছরের নিশাত জান্নাত নিহত

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় রাস্তায় চলাচলের সময় ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে উডসাইড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম নিশাত জান্নাত, বয়স ১৯ বছর। তিনি নিউইয়র্ক সিটি কলেজে (City College of New York) পড়াশোনা করতেন এবং জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

নিউইয়র্ক পুলিশ বলেছে, ময়লার ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী অবস্থায় ছিল। ট্রাকটি ৬২ স্ট্রিটে ডান দিকে মোড় নেওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তিনি আহত হন। জরুরি চিকিৎসাবাহিনী (ইএমএস) ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করে।

নিশাত তার দুই ছোট বোন (৪ এবং ৯ বছর) ও বড় বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন। নওশিন বলেন, “আমার বোন খুবই আশাবাদী ছিল, সবার সঙ্গে মিশত এবং সবাইকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”

নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁও। তার বাবা হেলাল উদ্দিন উডসাইড এলাকায় বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। হেলাল জানান, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আট বছর আগে তিনি নিউইয়র্কে এসেছিলেন; নিশাত ছিল তাদের চার মেয়ের মধ্যে দ্বিতীয়। তিনি বলেন, নিশাত কলেজে পড়াশোনা করা সত্ত্বেও কাজ করত পরিবারকে সহায়তা করার জন্য।

পরিবার জানিয়েছে, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাযা অনুষ্ঠিত হবে এবং এরপরই নিউইয়র্কেই তার লাশ দাফন করা হবে।

ট্রাকটির চালক একজন ৩৮ বছর বয়সী নারী ছিলেন; তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সামান্য আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিসট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং নিহতের পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।