বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি ডলার

এপ্রিলের প্রথম ১৮ দিনে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ডলার রেমিট্যান্স। এক ডলারের মান ১২৩ টাকা ধরে এ রেমিট্যান্সের মূল্য দাঁড়ায় প্রায় ২২ হাজার ১৪০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসাইন খান রোববার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বার রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২ শতাংশ।

ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রায় নয় মাসে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ হাজার ৩৪৭ কোটি ৯০ লাখ ডলার। আনুমানিক ভিত্তিতে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যানে চলতি অর্থবছরের মাসগুলোয় রেমিট্যান্সের প্রবাহ ছিল এভাবে: জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবর ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বর ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার।