রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রান্সের নিকন শর্ট ফিল্ম উৎসবে বাংলাদেশি ছবি ‘আনসিন’ নির্বাচিত

ফ্রান্সের জনপ্রিয় নিকন শর্ট ফিল্ম উৎসবের ১৬তম আসরে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ হাজার চলচ্চিত্র জমা পড়ে। প্রথম ধাপে এগুলোর মধ্যে থেকে প্রায় ২ হাজার ৫১১টি সিনেমা শর্টলিস্টে নাম ওঠে এবং সেই তালিকায় জায়গা করে নেয় ‘আনসিন’। পরে দর্শক ভোটে অংশগ্রহণের মধ্য দিয়ে ১ হাজার ১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়ার পর ছবিটি দ্বিতীয় স্থান অর্জন করে।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি’ বা সৌন্দর্য। পরিচালক সৈয়দ সাহিল তার ছবিতে প্রচলিত দৃশ্যমান সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ, অস্পষ্ট অনুভূতি ও অদৃশ্য বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণ করেছেন। তাঁর ভাষ্য, “’আনসিন’-এর মাধ্যমে এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, যা চোখে দেখা যায় না — সেই অনুভূতিগুলো যেগুলোকে আমরা প্রায়ই উপেক্ষা করি এবং যেসব মানুষকে প্রকৃত অর্থে দেখতে পাই না।”

চলচ্চিত্রটি প্যারিসে নির্মিত; সংলাপ পুরোপুরি ফরাসি ভাষায় হলেও আন্তর্জাতিক দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে। প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম। ছবিতে অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েত পিরোত্তে ও এলিজাবেথ সেলেমের পাশাপাশি বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

জানা গেছে, বর্তমানে ‘আনসিন’কে নিয়ে ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমা দেয়ার প্রস্তুতি চলছে। উৎসবে এই প্রতিধ্বনি নির্মাতা ও প্রযোজক দলের জন্য উৎসাহব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে।