বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের উদ্দেশ্যে সন্তান জন্ম দিলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস সতর্ক করে জানিয়েছে, কেবল সন্তানের যুক্তরাষ্ট্রীয় নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্য নিয়েই যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় এবং এ ধরনের উদ্দেশ্য মনে হলে ভিসা আবেদন বাতিল করা হতে পারে।

দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে প্রকাশিত পোস্টে এই বিজ্ঞপ্তি দিয়েছে। পোস্টে বলা হয়েছে, যদি কনস্যুলার কর্মকর্তা মনে করেন যে আপনার ভ্রমণের মূল উদ্দেশ্যই সন্তানের জন্ম দিয়ে সে শিশুকে যুক্তরাষ্ট্রীয় নাগরিকত্ব করানো, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করার অধিকার রাখেন।

দূতাবাস আগেও সতর্কতা জানিয়েছিল। শনিবার (২৮ মার্চ) দেওয়া এক বার্তায় বলা হয়েছিল, ভিসা পাওয়া মানেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত নয় — ভিসা থাকা সত্ত্বেও দেশে প্রবেশ করানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র সেখানে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। তারা ঠিক করেন একজন ভ্রমণকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে কি না এবং কতদিন থাকার অনুমতি দেবে।

পোস্টে আরও বলা হয়েছে, ভিসা থাকলেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন। এছাড়া ভিসার শর্ত ভঙ্গ করাও গুরুতর অপরাধ। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় সেখানে থাকা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে চাকরি করা আদৌ অনুমোদিত নয়।

দূতাবাস সতর্ক করেছে যে এসব নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ হতে পারে। তাই ভিসা আবেদন এবং ভ্রমণের সময় উদ্দেশ্য সম্পর্কে সৎ ও স্পষ্ট তথ্য দেওয়া, এবং ভিসার শর্ত মেনে চলা জরুরি বলে তারা মনে করেছে।

ভ্রমণকারীদের উদ্দেশ্য এবং ভিসার ধরনের বিষয়ে বিভ্রান্তি থাকলে আগেই কনস্যুলার কর্তৃপক্ষের নির্দেশনা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।