রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সমাপ্ত হয়েছে। বুধবার উপজেলা মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার ও সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। টুর্নামেন্টের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম। খেলা পরিচালনা করেন গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম।
ফাইনালে বালিকা বিভাগে বড়কাটাখালী সপ্রাবি ও আদাঘাট সপ্রাবি একাদশের মধ্যকার রোমাঞ্চকর লড়াই টাইব্রেকারে সর্বশেষ আদাঘাট সপ্রাবি বালিকা একাদশকে চ্যাম্পিয়ন করে। অপর ফাইনালে কুমলাই সপ্রাবি বালক একাদশ ২-০ গোলে গিলাতলা সপ্রাবি বালক একাদশকে হারিয়ে বালক বিভাগে শিরোপা জিতেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যৌথভাবে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দেরকে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি। এতে প্রশাসন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি স্থানীয় ফুটবলারদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে এবং ক্রীড়াবিকাশ ও দলগত মনোভাব গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।





