শুটিংয়ের শেষ পর্যায়ে এসে প্রচারণা শুরু হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এর। আজ শনিবার ছবিটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছে।
৫৪ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ঝলকে দেখানো হয়েছে একজন রকস্টারের শৈশব, স্বপ্ন, জনপ্রিয়তা, পতন আর ঝুঁকিপূর্ণ জীবন-যাপন। টিজারটি শাকিব নিজেই তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “একটা গল্প… যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।”
টিজার প্রকাশ হতেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাকিবিয়ানরা প্রিয় নায়ককে পরিচিত ধারার বাইরে দেখতে পেয়ে মুগ্ধতা জানাচ্ছেন। এক ভক্ত লিখেছেন, “’রকস্টার’ আসবে ঝড়ের গতিতে।” আরেকজন মন্তব্য করেছেন, “বদলে দেওয়ার মতো গল্প নিয়ে আমাদের মেগাস্টার আবার আমাদের মাঝে ফিরছেন।”
কারো কথায়, “মেগাস্টার বলে কথা, জাস্ট আগুন হয়েছে,” আবার কেউ বলছেন, “এই মুভিটা মনে হয় ইতিহাস সৃষ্টি করবে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত টিজারটি প্রায় ৭০ হাজার প্রতিক্রিয়া পেয়েছে।
গেল ২৮ মার্চ, শাকিবের জন্মদিনে ছবিটির লুক প্রকাশ করা হয়। ভক্তরা সেই লুককে শাকিবের ক্যারিয়ারের সেরা লুক বলে উল্লেখ করেছেন; কেউবা সেটিকে “মায়ায় পড়ে যাওয়া” লুক বলেও অভিহিত করেছেন। পরে আরও একটি পোস্টারে শাকিবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকেও।
পরিচালক আজমান রুশো পরিচালিত ছবিটির শুটিং শেষ দফা চলছে এবং কয়েকদিনের মধ্যে শুটিং সম্পন্ন হওয়ার কথা। শাকিবের বিপরীতভূমিকায় থাকবেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জাহিদ নিরব।
প্রযোজকরা জানিয়েছেন, কোরবানি ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে। টিজার ও লুক প্রকাশের তৃতীয় প্রকাশ্যে আসায় দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।





