রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে ২৮ বছর বয়সী মেহেরুন্নেছা ঊর্মির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেরুন্নেছা কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমানের স্ত্রী এবং বরগুনার আমতলীর শাহজাহান মিয়া কন্যা। দম্পতি ওই এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন। তাদের দেড় বছর ও চার বছর বয়সী দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সময়ে সময়ে ঝগড়া হতো এবং প্রতিবেশীরা একাধিকবার তাদের বিরোধ মীমাংসা করে দিয়েছিলেন। মেহেরুন্নেছা প্রায় আট মাস আগে কলাপাড়া থানায় যোগদান করেছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে নিহতের স্বামী থানায় এসে জানায়, তার স্ত্রী গলায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মেহেরুন্নেছার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনার পর নিহত কনস্টেবলের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে। মামলার রেকর্ড ও ফরেনসিক পরীক্ষার ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।