কুমিল্লা, ২৬ মে — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিনুর রশিদ বলেছেন, এবারের ঈদে সারাদেশে প্রায় এক কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সৃষ্টি হয় তা দেশের সাধারণ মানুষ—বিশেষ করে প্রান্তিক চাষী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বেশ উপকারী।
মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরের নেউরা কুরবানির পশু হাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। তিনি জানান, এবারের ঈদবাজার অন্যান্য বছরের তুলনায় বেশি নিরাপদ অনিডা যাচ্ছে। প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদভাবে ব্যবসা করতে পারে সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোথাও নিরাপত্তাহীনতা বা কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি, এবং বাজারে অবৈধভাবে যে কোনো ধরনের পশু দেখা যায়নি বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বাজারে ভেটেরিনারি টিম মোতায়েন রাখা হয়েছে, জাল টাকা ও চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে যাতে ক্রেতা ও বিক্রেতা দু’জনেই নিরাপদে লেনদেন করতে পারেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।





