পবিত্র ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার প্রেক্ষিতে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বাজুস সোমবার, ২৫ মে এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানায়, নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতি ভরির ওজন ধরা হয়েছে ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরিতে ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। একইভাবে ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর মাত্র দু’দিন আগে, ২৩ মে শনিবার একই পরিমাণ স্বর্ণের দাম কমানো হয়েছিল। তারপর স্বল্প সময়ের ব্যবধানেই আবার দাম বাড়ানো হলো, যা ক্রেতা ও গয়নার বাজারে অস্থিরতা বৃদ্ধি করছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশি বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩২ দফায় দাম কমানো হয়েছে।





