যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানোর কারণে ১০ জন বাংলাদেশি সীমান্তের জিরো লাইনে আটকা পড়েছেন। তাদের সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করতে দেখা গেছে।
বিজিবি জানায়, সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেট খুলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েকটি নারী, পুরুষ ও শিশুসহ মোট প্রায় ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। ঘটনাটি বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের নজরে আসে এবং তারা ওই ব্যক্তিদের আটকে রাখে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোলের সাদিপুর মাঠে ভারত-বাংলাদেশ জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, সমস্যার দ্রুত সমাধানের প্রচেষ্টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুতি চলছে। বিজিবি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে কাজ করছে।





