বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক নানাকে পিটিয়ে ও ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাতে স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন (৫০) ছিলেন রাজমিস্ত্রি। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ইমামুলের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে সোমবার রাতে ইমামুলের এবং ওই যুবকদের মধ্যে বাগ্ঘাটি হয়।

ঘটনার জের ধরে রাতেই তার বাড়ির কাছেই, ইজিবাইক থেকে নামার সময়ই একদল হামলাকারী তাকে বেধড়ক পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রান্ত করে গুরুতর জখম করে। স্থানীয়রা গভীর রাতে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়; চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনায় প্রতিবেশী সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক জড়িত ছিল।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানিয়েছেন, খবর পেয়ে মনিরামপুর ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী রেশমা খাতুন মঙ্গলবার (৯ জুন) ওই ঘটনার দুই পক্ষকে উল্লেখ করে ১১ জনকে আসামি করে মামলা করেছেন।

পুলিশ এখন পর্যন্ত হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে এবং বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত চলছে।