শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরসহ চার বিমানবন্দর আন্তর্জাতিক গেটওয়ে হবে

সরকার দেশের আরও চারটি বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো — কক্সবাজার, যশোর, রাজশাহী এবং সৈয়দপুর বিমানবন্দর।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বিশেষ বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন। তিনি জানান, এসব বিমানবন্দর আন্তর্জাতিক পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন-কাস্টমস ব্যবস্থা, কার্গো সুবিধা ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত হওয়া। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং একটি জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড তৈরি করা হবে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিকস ও যাত্রী হাব হিসেবে উন্নীত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে, যাতে অঞ্চলগুলোর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সহজতর হয়।

অর্থমন্ত্রী আরও জানান, বোয়িংয়ের সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এছাড়া বিমানবন্দরটিতে প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে।

বৃহৎ পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে এ খাতে বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিনিয়োগ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। দেশের জাতীয় বেসলাইন হিসেবে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা ও কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণেও গুরুত্ব দেওয়া হবে।

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের আন্তর্জাতিক সংযোগ বাড়বে, পর্যটন ও রফতানি-বাণিজ্যে গতি আসবে এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে — এমন প্রত্যাশা সরকারের।