রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান, দায়িত্ব নেবেন ৩০ জুন

ভারত সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেছে। তিনি আগামী ৩০ জুন দায়িত্ব গ্রহণ করবেন। একই দিন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর গ্রহণ করবেন—এই তথ্য করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা ধীরাজ শেঠ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। প্রায় চার দশকের দীর্ঘ সৈনিক জীবনে তিনি অপারেশন, কৌশলগত পরিকল্পনা, সক্ষমতা উন্নয়ন ও প্রতিষ্ঠানগত সংস্কারের নানা দায়িত্বে কাজ করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে মূল্যায়িত হন।

তার কমান্ডিং অভিজ্ঞতায় রয়েছে মরুভাগে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু ও কাশ্মিরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব। লেফটেন্যান্ট জেনারেল হিসাবে তিনি ভারতের অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’ নেতৃত্ব দিয়েছিলেন। পরে দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কার্যক্রম এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেন।

পদোন্নতির পর তিনি আর্মি কমান্ডার হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের দায়িত্বও পালন করেন—যার ফলে দুটি অপারেশনাল আর্মি কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। আড়াই বছরের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে কৌশলগত তদারকি ও পরিচালনায়ও তিনি নিয়োজিত ছিলেন।

শিক্ষাগতভাবে ধীরাজ শেঠ বিভিন্ন কোর্সে শীর্ষস্থান অর্জন করেছেন। তিনি হায়ার কমান্ড কোর্স ও ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক এবং প্যারিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও অংশগ্রহণ করেছেন।

৩০ জুন দায়িত্ব গ্রহণের পর তার অগ্রাধিকার ও কর্মসূচি কী হবে তা সামরিক মহলে নজর কাড়বে; অনেকের প্রত্যাশা, তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা ও আধুনিকীকরণ আরও গতিশীল হবে।