বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকের বোর্ডের দায়িত্বভার নিলেন জহির হোসেন

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ ও ৪৭(৩)-এর অধীনে এই পর্ষদ ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ decision অনুযায়ী এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক রোববার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির স্বার্থ, আমানতকারীদের নিরাপত্তা এবং জনস্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জহির হোসেন পর্ষদের সকল কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়েছে, এ মাসের প্রথম ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ছয় হাজার কোটি টাকা উত্তোলন হয়েছে। শেষ দুই দিনে কিছু শাখা ও এটিএম বুথে নগদ তোলার চাপ দেখা দেয়। ওই পরিস্থিতিতে ব্যাংক ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তার আবেদন করে। রোববার দুপুরে পর্যালোচনার পর বাংলাদেশ ব্যাংক আড়াই হাজার কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা প্রদান করে।

এরপর বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা টিমের সঙ্গে বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং বলেন, গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে; ভয়ের কোনো কারণ নেই।