শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুল পর্যায়ে টি-২০: রূপসা একাডেমী চ্যাম্পিয়ন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে খুলনা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত স্কুল পর্যায়ের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল এবং সভার সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান। প্রতিযোগিতায় মহানগরের চারটি স্কুল ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করে — রূপসা ক্রিকেট একাডেমী, পদ্মা ক্রিকেট একাডেমী, মেঘনা ক্রিকেট একাডেমী ও যমুনা ক্রিকেট একাডেমী।

ফাইনালে রূপসা ক্রিকেট একাডেমী যোগ্য প্রতিদ্বন্দ্বিতা শেষে যমুনা ক্রিকেট একাডেমীকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ টিমকে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ণাঙ্গ প্রতিযোগিতার সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন ক্রিকেট কোচ মোঃ আজিজুর রহমান জুয়েল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুল ও খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া মনোভাব ও প্রতিযোগিতামূলক স্পিরিট দেখার মত ছিল, যা ভবিষ্যতে জেলা পর্যায়ের ক্রীড়া পরিবেশকে আরও উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।