বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চরমোনাই পীর: জুলাই স্মরণ করিয়ে দেয়—ক্ষমতা চিরস্থায়ী নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারের প্রতি ইতিবাচক ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জুলাই সনদ ও জাতির প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা চিরস্থায়ী নয়।’

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং প্রায় ৫০০ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগের মর্যাদা রক্ষার্থে রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘শেয়ালের কাছে মুরগি রেখে দেওয়া যেমন নিরাপদ নয়, তেমনি বারবার যেসব অনুপযুক্ত লোকের হাতে দেশ তুলে দেওয়া হয়েছে, তাদের কাছে দেশ, জনগণ ও ইসলামও নিরাপদ থাকে না।’

চরমোনাই পীর রাজনৈতিক দল ও সাধারণ জনতাকে উদ্দেশ্য করে বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দিতে হবে। না হলে একই ধরনের সংকট ও ব্যর্থতার পুনরাবৃত্তি চলতেই থাকবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ সহ আরও অনেকে।