শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক এবং কে নয় তা নির্ধারণে একটি নির্দিষ্ট ও জবাবদিহিমূলক কর্তৃপক্ষ থাকা অত্যাবশ্যক।

তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম সভা ও নবগঠিত কমিটির প্রথম বৈঠকে।

মন্ত্রী সভায় কমিটির সদস্যদের প্রতি অনুরোধ করেন যে প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রযোজ্য আইন ও বিধি-নিয়মের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। সিদ্ধান্ত নিতে হলে দূরদর্শিতা ও প্রজ্ঞা আর সর্বাধিক সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার নীতিকে অগ্রণী রাখতে হবে, যাতে সিদ্ধান্তগুলো সর্বজনগ্রাহ্য হয়।

তিনি আরও বলেন, সরকারি প্রতিনিধির কাজ কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে পরিচালিত হওয়া উচিত।

মন্ত্রী বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ক্ষেত্র যেখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার উপস্থিতি অপরিহার্য। তাই সংকীর্ণ বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখতে হবে।

তিনি রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণেই নিহিত বলে উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়; এখানকার সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই সিদ্ধান্ত নেয়ার সময় শুধু তাৎক্ষণিক প্রভাব নয়, দীর্ঘমেয়াদী ফলও বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের গ্রহণযোগ্যতা নির্ভর করবে কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপর।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।