সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ দিনের মধ্যে সব বিবাদ সমাধান চায় ইরান, দিলো ১৪ দফার শান্তি প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে শেষ করতে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বদলে আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যু নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্র হিসেবে পরিচিত সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, প্রস্তাবের মধ্যে রয়েছে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের দাবি। এছাড়াও লেবাননে ইসরাইলি অভিযানসহ এই অঞ্চলের সব ধরনের শত্রুতা বন্ধের শর্তও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের ১৪ দফা প্রস্তাবটি মূলত যুক্তরাষ্ট্রের দফায়-দফায় উপস্থাপিত ৯ দফার পরিকল্পনার জবাব হিসেবে পাঠানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এখন দ্রুত ও সমাধানমুখী সমঝোতার ওপর জোর দিচ্ছে — সময়সীমা নির্ধারণ করে তিন-চতুর্থাংশ ইস্যু দ্রুত নিরসনের দরকার আছে বলে দাবি করা হয়েছে।

গত সপ্তাহে ইরানের আগে করা একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে আলোচনা অব্যাহত রয়েছে এবং তিন সপ্তাহ আগে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখনও কার্যকর রয়েছে, বলে জানানো হয়েছে।

এদিকে আজ (রোববার, ৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে এ নিয়ে ফোনালাপ হয়েছে। ওমান দীর্ঘদিন ধরে তেহরান ও ওয়াশিংটন—দুইপক্ষকেই সংযোগকারী মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে; এবারও শান্তি প্রক্রিয়ায় ওমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার সম্ভাবনা প্রকাশ্যে এসেছে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, কিন্তু দুইপক্ষের সম্মতি ছাড়া এর সার্বিক ফলাফল নিশ্চিত করতে হবে কঠিন। আন্তর্জাতিক মহল ও সংশ্লিষ্ট দেশগুলো এখন তেহরানের ১৪ দফার প্রস্তাবের ওপর চোখ রাখছে।