মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত দেশীয় পশু রয়েছে—প্রায় এক কোটি পশু প্রস্তুত, তাই সরকার কোনো পশু আমদানি করবে না।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, কোরবানির জন্য প্রয়োজনীয় সংখ্যার তুলনায় বর্তমানে গরু, ছাগল ও ভেড়া সহ সব ধরনের পশুর সরবরাহ পর্যাপ্ত ও স্বনির্ভর অবস্থায় আছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে চোরাচালানে করে অবৈধভাবে পশু দেশে প্রবেশ করা যাতে না পারে সে ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকাসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কৃষি খাতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বর্তমান সরকারকে শতভাগ কৃষি-বান্ধব বলে আখ্যায়িত করছেন। সরকারের বিশ্বাস, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলে দেশও উন্নতি করবে; সেই লক্ষ্যে কৃষকদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে এবং কৃষি খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, গবাদিপশু পালন খরচ কমিয়ে আনা এবং উন্নত জাতের ঘাস উৎপাদনের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এই সব কার্যক্রম পরখ করতে তিনি বিএলআরআই পরিদর্শনে এসেছেন এবং গবেষণা ও সম্প্রসারণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।





