শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াত হবে: ডা. জোবাইদা রহমান

শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা কোনোভাবেই ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে বাঁধা হিসেবে দাঁড়াতে পারবে না—এমন প্রত্যয় ব্যক্ত করে দেশের বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত।

ডা. জোবাইদা বলেন, ‘‘বিজ্ঞানসম্মত ও সময়োপযোগী সহায়তা নিশ্চিত করা এখন বিশেষভাবে জরুরি। নির্দিষ্ট সময়ে সঠিক চিকিৎসা ও যত্ন পেলে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ পেতে পারে। ‘শিশু স্বর্গ’ প্রকল্প শিশু-কিশোর এবং তাদের মায়েদের জন্য একটি কার্যকর সমর্থনব্যবস্থা হিসেবে কাজ করবে।’’

তিনি আরও বলেন, আত্মবিশ্বাসই মায়েদের ও শিশু-কিশোরদের বিষণ্নতার অন্ধকার থেকে বের করে তুলে স্বাবলম্বী ভবিষ্যতের দিকে ধাবিত করতে পারে। প্রতিবন্ধীবান্ধব নাগরিক সেবা নিশ্চিত করে সমাজে তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে—এভাবেই প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হতে পারে বলে তিনি আশাবাদ व्यक्त করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল; প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অন্যান্য সম্মানিত অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কড়াইল বস্তিসহ দরিদ্র ও প্রবণ এলাকায় প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি জানানো হয়।