শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ফিরোজকে অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফর

খুলনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার মাত্র ১৫ ঘণ্টা পর জেলা আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ফিরোজ আহমেদকে অব্যাহতি দেয়া হলো। সিদ্ধান্তটি সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

আগে মঙ্গলবার রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের পৃথক অনুমোদন পত্রে খুলনা মহানগর আহবায়ক কমিটিতে তাজিম বিশ্বাসকে আহবায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

একইভাবে খুলনা জেলা আহবায়ক কমিটিতে প্রথমে ফিরোজ আহমেদকে আহবায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছিল। কিন্তু পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে ফিরোজকে সাবেক করা হয় এবং আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।