সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল সংগ্রহ প্রায় ৬৪ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে মোট প্রায় ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়েছে এবং দুই সেতু থেকে মোট টোল আদায় হয়েছে প্রায় ৬৪ কোটি টাকা। যানবাহনের চাপ বেড়লেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি।

এই তথ্য আজ রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেতু কর্তৃপক্ষের বিবরণ অনুযায়ী, ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে এবং এখান থেকে টোল হিসাবে সংগ্রহ করা হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করেছে এবং সেখানে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞপ্তিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, “ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক ছিল।”

তিনি আরও বলেন, “বিগত বছরের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকা সত্ত্বেও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।” রউফ ওই সাফল্যের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য সেবা বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক, এবং টোল ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেছেন।