বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

লোডশেডিং বিক্ষোভে অভয়নগরের উপকেন্দ্রে হামলা: লাইনম্যান আহত, মালামাল লুট

যশোরের অভয়নগর উপজেলায় লোডশেডিংবিরোধী বিক্ষোভ চলাকালে একটি ২৫ মেভিএ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত অভয়নগর-২ উপকেন্দ্রে প্রবেশ করে ক্ষুব্ধ গ্রাহকরা।

বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্ন রাখার দাবিতে প্রতিবাদ করছিলেন তারা। অভিযোগে বলা হয়েছে, ৪০-৫০ জন লোক লোহার গেট ভেঙে অনুপ্রবেশ করে উপকেন্দ্রের কর্মরত রবিউল ইসলাম (৪০) নামে একজন লাইনম্যানকে পিটিয়ে আহত করে। এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোন লুট করা হয়েছে।

এজিএম মেহেদুল ইসলাম মেহেদী ঘটনাটি নিশ্চিত করে জানান, আহত রবিউলকে রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একটি লিখিত অভিযোগ অভয়নগর থানায় দায়ের করা হয়েছে।

অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, যারা এই হামলা-লুটপাটে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে।