বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কোনো সিন্ডিকেটকে সুবিধা নয়, সবার জন্য সুন্দর ব্যবসাপরিবেশ নিশ্চিত করা হবে: কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা নিউ মার্কেট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও অভিজাত বাণিজ্যিক কেন্দ্র। এর ঐতিহ্য রক্ষা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তোলাই কেডিএর প্রধান লক্ষ্য হবে।

চেয়ারম্যান জানান, বাজারের চিহ্নিত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনে সবধরনের কার্যকর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটকে সুবিধা দেয়া হবে না; বরং সবার জন্য সমান ও সুন্দর ব্যবসার পরিবেশ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কেডিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার, ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ, ক্রেতা ও বিক্রেতাদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং নিশ্চিত করা, এলাকার চারপাশে থাকা অবৈধ স্টল সরিয়ে দেয়া এবং সিসিটিভি নজরদারি বৃদ্ধি করা হবে—এমন নানা পরিকল্পনার কথা সভায় উঠে আসে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আশ্বস্ত করে বলেন, বিগত ফ্যাসিবাদের সময় গড়ে ওঠা চাঁদাবাজি, সিন্ডিকেট ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি কঠোর হস্তে দমন করা হবে যাতে ব্যবসা নিরাপদ ও স্বচ্ছ হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেডিএ সদস্য মোঃ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ডাঃ জাকিয়া সুলতানা, খুলনা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরাসহ কেডিএর উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।