চীনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পর পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন রোববার (২৪ মে) যৌথভাবে সর্বোচ্চ সতর্কবার্তা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। কর্তৃপক্ষ বলেছে, দ্রুততর ও ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
রবিবার জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত আনহুই প্রদেশের পশ্চিমাঞ্চল এবং হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকি অত্যন্ত বেশি। ঝুঁকির দিক থেকে দ্বিতীয় পর্যায়ের ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেয়া হয়েছে ঝেজিয়াং, আনহুই, জিয়াংসি ও হুবেইয়ের কিছু অংশে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকারের কাছে তৎক্ষণিক রিয়েল-টাইম পর্যবেক্ষণ জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত ও নিরাপদ স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম প্রস্তুত রাখারও আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে ভূতাত্ত্বিক বিপর্যয়ের আশঙ্কায় শানসি, আনহুই ও হুবেইসহ ১০টি প্রদেশে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ আনহুই ও পূর্ব হুবেইতে ভূমিধসের ঝুঁকি বাড়ায় সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে। সরকারের সব স্তরকে অবিলম্বে জরুরি আপৎকালীন প্রোটকল কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে, পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকায় ভ্রমণ এড়াতে এবং সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। পরিস্থিতি আরও সম্প্রসারিত বা পরিবর্তিত হলে নতুন সতর্কবার্তা জানানো হবে বলে জানানো হয়েছে।
সূত্র: সিএমজি





