রংপুরের মিঠাপুকুরে রোববার (৩১ মে) দিবাগত রাতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার বালারহাট বাজারে কয়েকজন নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে এক ব্যক্তির মৃত্যু ঘটে এবং বাকীদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে রয়েছেন—কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫)। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মো. এরশাদ মিয়া।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ছাত্তার মিয়া কায়ারমারি গুচ্ছগ্রামে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন; অসুস্থতার পর সেখানে তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন মোছা. আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।
ঘটনার পর মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা মদপান করেই মারা গেছেন। তিনি বলেন, পরিবারের লোকজন লাশ ময়নাতদন্তে না দেওয়ার চেষ্টা করেছে বলে সন্দেহ করছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন জানান, ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজও জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশি তদন্ত চলমান; রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও অনুমোদিত উৎস থেকেই পানীয় গ্রহণের কথা বলছেন। পুলিশও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।





