মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দায়িত্বে জহির হোসেন

বাংলাদেশ ব্যাংক ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) — চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে ওই পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের নিরাপত্তা এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের জন্য সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের সব কার্যক্রম পরিচালনা করবেন।

সংস্থাটি জানায়, চলতি মাসের প্রথম নয় দিনে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা প্রায় ছয় হাজার কোটি টাকা উত্তোলন করেছেন। শেষ দুই দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ দেখা দেয়। এমন পরিস্থিতিতে ব্যাংকটি দশ হাজার কোটি টাকা দরে তারল্য সহায়তার আবেদন করে। পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ ব্যাংক রোববার দুপুরে আড়াই হাজার কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়।

পরবর্তী সময়ে বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বেঠকে গভর্নর মোস্তাকুর রহমান সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং গ্রাহকদের জানান যে তাদের আমানত নিরাপদ রয়েছে, ভয়ের কোনো কারণ নেই।