শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইবোলা সতর্কতা: সৌদি আরব তিন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ

ইবোলা ভাইরাস ছড়ানো রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের দেশের মধ্যে ভ্রমণ এবং সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। শুক্রবার (২৬ জুন) গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওই তিন দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে এবং সরাসরি বা অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও প্রবেশ বন্ধ করা হবে। পাশাপাশি, সৌদিতে প্রবেশের আগে যদি কোনো ব্যক্তি ২১ দিনের মধ্যে উল্লিখিত কোনো এক দেশে অবস্থান করে থাকে, তাহলেও একই বিধি প্রযোজ্য হবে।

সৌদি পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা এবং সংক্রামক রোগের সীমান্ত-পার হওয়ার ঝুঁকি কমাতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি মোকাবিলার ব্যবস্থা অব্যাহত ও জোরদার করা হচ্ছে।

প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি ও দ্রুত সাড়া-প্রক্রিয়া আরও বাড়ানো হয়েছে। প্রাদুর্ভাবের কবলে থাকা দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্যও অতিরিক্ত সতর্কতা ও তদারকি চালানো হবে।

ওয়াকায়া জানিয়েছে, এসব পদক্ষেপ গ্রহণের পর পর্যন্ত সৌদি আরবে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত হয়নি এবং সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কর্তৃপক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি বজায় রাখবে।

সূত্র: গালফ নিউজ, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)