সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১৬ ইউনিয়নে ফগার মেশিন বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়নে মশা নিধনের জন্য ফগার মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে আজ রোববার (০৫ জুলাই) মেশিনগুলো বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে অনুষ্টান করা হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে এসব মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলিম হাওলাদার, শ্রমিক ফেডারেশন উপজেলা সভাপতি আব্দুল মান্নান, মাস্টার মোহিবুল্লাহ রফিক প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় ১৬ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দও অংশগ্রহণ করেন। প্রতিটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার কাছে মেশিনগুলো হস্তান্তর করা হয় এবং এগুলো ব্যবহার করে ব্যাপকভাবে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।