শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপসায় বিদেশি ৭.৬৫ মিমি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার রূপসা উপজেলায় বিদেশি একটি পিস্তলসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার এসআই মশিউর রহমান একটি সরকারি পিকআপে বিশেষ অভিযান চালানোর সময় নৈহাটি গোডাউন মোড়ে অবস্থানকালে গোপন এক সূত্র থেকে খবর পান যে জয়পুর গ্রামে একজন অবৈধ অস্ত্র নিয়ে আছেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক মীর ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার পরিহিত ট্রাউজারের কোমরের পিছনের অংশ থেকে একটি বাটযুক্ত বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রূপসা থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক মীর বলেন, গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ বাপ্পাকে খালনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে।