চলমান বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতী গোলাম রহমান প্রতিষ্ঠিত মারকাযুল উলূম খুলনায় সোমবার (১৩ জুলাই) সকালেই এই সভা হয়।
সভায় প্রধান অতিথি জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, বন্যাকবলিত মানুষ বর্তমানে চরম দুর্ভোগে আছে। মানবিক ও ইসলামী নৈতিক দায়িত্ব থেকে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সক্ষম ব্যক্তির কর্তব্য। তিনি দ্রুত ত্রাণ সংগ্রহ করে বন্যার্তদের কাছে তা পৌঁছে দেওয়ার জন্য ইমাম, খতিব, সমাজের বিত্তবান এবং সংগঠনভিত্তিক নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, দুর্যোগের সময়ে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশের জনগণের সহানুভূতি ও সাহায্যের পাশাপাশি বন্যার্তদের জন্য দোয়া করার অনুরোধ জানান।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় খুলনা মহানগর ও জেলার বিভিন্ন মসজিদ ও সংগঠনের মাধ্যমে নগদ অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, শিশু খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে তা দ্রুত বন্যাকবলিত এলাকায় পাঠানো হবে। পাশাপাশি দ্রুত ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রকিব উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী হুমায়ূন কবীর, মাওলানা এখলাসুর রহমান, মুফতী রিজওয়ানুল কারীম, মুফতী নাজিমুদ্দিন, মুফতী মামুনুর রশীদ, মুফতী নাজমুস সাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম এবং মাওলানা বাইজিদ হুসাইন।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তারা সবাই মিলিয়ে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন এবং সাধারণ জনগণের সহযোগিতা ও সহানুভূতি কামনা করেন।





