খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। এই ধ্যান-ধারণা মাথায় রেখে ভবিষ্যতের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। ছোট দেশ হওয়ায় কর্মসংস্থানের সুযোগ সীমিত—তাই শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলে তারা যেন বৈশ্বিক মানবসম্পদে পরিণত হতে পারে, সে জন্য উদ্যোগ নিতে হবে।
কেসিসি প্রশাসক বুধবার সকালে নগরীর বয়রায় খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠানের ২৪তম বার্ষিকী উদযাপন, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্টও বিতরণ করেন।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষার্থীদের নতুন এই শিক্ষাজীবনের জন্য স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে পরদেশে সম্মানজনক কর্মসংস্থানের পথও তৈরি করা হচ্ছে। শিক্ষা জীবন শেষে যে তরুণরা কাজ খুঁজে নিয়েছে বা স্বনির্ভর হতে চায়, তাদের সেই চাওয়া পূরণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
তিনি বিশেষ করে বিভিন্ন দেশের ভাষা শেখার ওপর জোর দেন এবং জানান, চীন, জাপান, জার্মানি ইত্যাদি দেশের ভাষা শেখার সুযোগ করে দিতে খুলনায় উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী এবং কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনা হেনা। স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ ও ইন্সট্রাকটর (ইলেকট্রিক্যাল) তুলিপ ঘোষ, অনুষ্ঠান পরিচালনা করেন মহাবিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট শেখ অলিউল ইসলাম।
বিকালটা ৪টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি ছিলেন। সেখানে তিনি স্থানীয় মসজিদ ও মন্দিরের সেবামূলক কার্যক্রমসহ দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। ওই অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের এক্স-ম্যাট ১৯৮২ ব্যাচ।
ওয়েস্টার্ণ নিউইয়ার্ক বাংলাদেশী সোসাইটির প্রতিষ্ঠাতা ও এক্স-ম্যাট ১৯৮২-এর সভাপতি শেখ অহিদুজ্জামান বোরহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাকিলুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সেক্রেটারি তরিকুল ইসলাম, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আক্তারুজ্জামান মুরাদ, মোল্লা আব্দুল খালেক, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদিকুল ইসলাম সাদি, শেখ জামিরুল ইসলাম, শেখ সামসুদ্দীন দোহা, আসলাম হোসেন এবং বৈষম্য বিরোধী সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বায়ক নুরুজ্জামান নূর। এক্স-ম্যাটের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





