শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্যাট প্রত্যাহারে স্বর্ণালংকারের দাম ভরিতে ৯ হাজার ১৩ টাকা কম

ভ্যাট কাঠামোর পরিবর্তনের ফলে দেশের বাজারে স্বর্ণালংকারের দাম ভরিতে ৯ হাজার ১৩ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ভ্যাটসহ মূল্য তালিকা প্রকাশ করে জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার এখন বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই দাম নির্ধারণ করে।

এর আগে ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি শুদ্ধ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। তখন ওই দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করলে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। কিন্তু নতুন বাজেটে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রতি ভরিতে নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট ধার্য করার প্রস্তাব নেয়ার পর হিসাব পরিবর্তিত হয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি আলংকারিক স্বর্ণের মূল্য হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা — আগের দামের তুলনায় ভরিপ্রতি খরচ কমেছে ৯ হাজার ১৩ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালংকারের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামই কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজের পরিমাণ অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। যেহেতু নতুন মূল্য নির্ধারণে ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না।

রূপার অলংকার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলেও সংগঠনটি জানিয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়; ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম দেশে ৪৬ দফায় সমন্বয় হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার — যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।