বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশের কোথাও টানা দুই দিন লোডশেডিং হয়নি। তাদের দাবি, গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিদ্যুৎ বিভাগ।
এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন যে পরবর্তী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।
তবে কিছুদিন আগেই, ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটেছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেয়া যাচ্ছিল না।
এই পরিস্থিতিতে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে প্রতি এলাকায় ১১০ মেগাওয়াট করে লোডশেডিং চালানোর পরিকল্পনা করা হয়েছিল এবং প্রয়োজনে শহরেও লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হবে যাতে বৈষম্য কমানো যায়।





