রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ‘মব’ সৃষ্টিকারীদের নোটিশ ছাড়াই দল থেকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে

মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)–এর নবনিযুক্ত চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব’ সৃষ্টিকারীদের কোনো শো-কজ নোটিশ ছাড়াই সরাসরি দল থেকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, বর্তমান জনবান্ধব সরকারের দেশমুখী ও ইতিবাচক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী কিছু চক্র নানা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অস্থিতিশীলতার পরিকল্পনা করছে; তাই নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেল ৫টায় খালিশপুরের গোলপাড়া কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা বিএনপি আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় প্রধান অতিথির ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। সভায় মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি’র ব্যানার বা পরিচয় ব্যবহার করে যারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে ছাড় থাকবে না; কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপি’র প্রতি স্তরের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, নগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক স. ম. আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং নগর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল। বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভা শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন বিএনপি নেতা গাজী সালাউদ্দিন এবং সভাটি পরিচালনা করেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। এর আগে শফিকুল আলম মনা কেডিএ’র চেয়াম্যান এবং শফিকুল আলম তুহিন বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ায় খালিশপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে দুজনকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করা হয়।